নর্দানের বিরুদ্ধে হ্যাটট্রিক
চান রনি
স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:০২
দুই বছর জাতীয় দলে খেলার পর আন্তর্জাতিক ম্যাচে গোল পেয়েছেন শাখাওয়াত হোসেন রনি। গত আসরের চ্যালেঞ্জ কাপ ফুটবলে জাতীয় দলে খেলেও গোল পাননি তিনি। এবার এমন সময় গোল পেলেন যখন তার দিকে তাকিয়ে ছিল দেশের ফুটবল অনুরাগীরা। অথচ তিনি ছিলেন প্রচণ্ড মানসিক চাপে। ইনজুরির কারণে স্ট্রাইকার এমিলি বাদ পড়ায় দায়িত্ব বেড়ে গিয়েছিল। তার মধ্যে আবার ফিলিস্তিনের বিরুদ্ধে ম্যাচে গোলকিপারকে একা পেয়েও গোল করতে না পারার ব্যর্থতা কুরে কুরে খাচ্ছিল তাকে। সবকিছু থেকে আপাতত মুক্তি পেয়ে মহাখুশি রনি এখন চাইছেন নেপালের মাঠে একটা হ্যাটট্রিক করে ইতিহাস গড়তে। নেপালের বিরুদ্ধে দলকে দারুণ একটা মূল্যবান জয় এনে দেয়ার পর এখন তিনি ফুরফুরে মেজাজে আছেন।