জামায়াত-শিবিরের নৈরাজ্য রুখার প্রত্যয়ে যুবসমাবেশ
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:০৯
বিএনপির ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে গতকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশে করেছে যুবলীগের নেতৃত্বাধীন যুব সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে আগামী ১৫দিনের মধ্যে সারাদেশের পাড়া-মহল্লা, গ্রামগঞ্জ, থানা, জেলায় জামায়াত-শিবির সদস্যদের তালিকা প্রণয়ন করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করার শপথ করেছে যুবসমাজ।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল যুব সমাবেশে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, রেলমন্ত্রী মুজিবুল হক, মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, যুবলীগের চেয়ারম্যান ও যুব সংগ্রাম পরিষদের সমন্বয়ক ওমর ফারুক চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবমৈত্রী সভাপতি মোস্তফা আলমগীর রতন, জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমেদ, জাতীয় যুব ঐক্যের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন আহমেদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান আতা, আবুল বাশার, অধ্যাপক আমজাদ হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, শাহজাহান ভুঁইয়া মাখন, মোতাহার হোসেন সাজু, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, আনোয়ারুল ইসলাম, জাকির খান, যুগ্মসম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মনজুর আলম শাহীন, মামুনুর রশীদ, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, এমরান হোসেন খান, আসাদুল হক আসাদ, যুব মহিলা লীগের নাজমা আক্তার এমপি, সাধারণ সম্পাদক অপু উকিল এমপি প্রমুখ।
দিলীপ বড়ুয়া বলেন, জামায়াত-শিবির পাক হানাদারের ভূমিকায় ’৭১ এ ফিরে গেছে আর তাদের সহযোগিতা করছে বিএনপি। সারাদেশে সাধারণ মানুষ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর তারা নির্মম ও পাশবিক হত্যাকাণ্ডে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এরা একাত্তরে যেমন পরাজিত হয়েছিল ২০১৩ তেও পরাজিত হবে। তিনি এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে জেগে ওঠার সময় এসেছে।
রেলমন্ত্রী মজিবুল হক বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের এই হত্যা ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ওরা যেমন দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল বর্তমানেও তারা একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে এদের প্রতিরোধ করতে হবে।
দলীয় নেতাকর্মীকে আগামী ১৫দিনের মধ্যে জামায়াত-শিবির ও নৈরাজ্যকারীদের তালিকা তৈরি করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দিয়ে যুবলীগের চেয়ারম্যান ও যুব সংগ্রাম পরিষদের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, স্বাধীনতা পক্ষের সকল যুব নেতা-কর্মীদের আগামী ১৫ দিনের মধ্যে দেশের প্রতিটি পাড়া-মহল্লা, উপজেলা ও জেলায় জামায়াত-শিবিরের তালিকা তৈরি করে কেন্দ্রে জমা দিতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। অপশক্তিদের জবাই নয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে। তিনি বলেন, সারাদেশে যে নৈরাজ্য চলছে, জনগণকে সাথে নিয়ে যুব সমাজ তা প্রতিহত করবে। আমরা শান্তির রাজনীতি করি আর জামায়াত-শিবির সহিংস রাজনীতি করে। আমরা আলোর পথে যাত্রী। ওরা অন্ধকারের যাত্রী।