যশোরে ছয় শিক্ষার্থীকে যৌন নিপীড়নকারী আমিনুর গ্রেফতার

যশোরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশু শিক্ষার্থীকে পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালানো আমিনুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে অবৈধপথে ভারতে পালানোর চেষ্টাকালে শার্শার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাতে তাকে যশোর কোতোয়ালি থানায় আনা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তাকে আটকের ব্যাপারে তত্পর ছিল। শুক্রবার তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল সে সীমান্ত পাড়ি দেওয়ার প্রস্তুতি নেয়। এসময় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আমিনুল ঘটনার দায় স্বীকার করেছে। সে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতেও রাজি হয়েছেন।

উল্লেখ্য, তিন সন্তানের জনক আমিনুর গত একমাস ধরে খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর উপর পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালিয়ে আসছিল। ঘটনাটি ফাঁস হওয়ার পর গত বুধবার এক শিক্ষার্থীর বোন বাদি হয়ে থানায় মামলা করেন। এর আগেই পালিয়ে যায় আমিনুর। সে ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকার।