সিলেট-কোমপানীগঞ্জ সড়কে আজ রবিবার সকাল থেকে সকল প্রকার মালবাহী গাড়ির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আবু সরকার এই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। ট্রাক থেকে চাঁদাবাজি ও ওভারলোড বন্ধের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির আওতায় ওই সড়কে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। অন্যসব যানবাহন চলাচল করবে। জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সমপাদক আমিরউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ প্রমুখ।