পীরগঞ্জে তিনদিন ধরে জাতীয় পত্রিকা নেই

গত রবিবার থেকে ঢাকার জাতীয় পত্রিকা আসছে না পীরগঞ্জে। ফলে পত্রিকা পাঠকরা বঞ্চিত হচ্ছে দেশ-বিদেশি খরব থেকে। পীরগঞ্জের পত্রিকা এজেন্ট এনকে রানা জানান, হরতালের কারণে ৩ দিন ধরে পত্রিকা আসা বন্ধ রয়েছে। পত্রিকা এজেন্টরা বিভিন্ন পত্রিকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাদের নাকি জানানো হয় যে, হরতালে বিভিন্ন স্থানে পত্রিকার গাড়ি আটক করার কারণে রংপুর বিভাগের এজেন্টদের কাছে পত্রিকা পৌঁছানো যাচ্ছে না। এতে হকার ও এজেন্টরা যেমন পড়েছে বিপাকে, তেমনি দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ জানার জন্য পত্রিকা পাঠকদের ইলেক্ট্রনিক মিডিয়ার দ্বারস্থ হতে হচ্ছে। প্রতিদিন পত্রিকা বিক্রি করে যারা সংসার চালান সেই গরিব হকাররাও পড়েছেন চরম বিপাকে।