হরতালে সুপ্রিম কোর্টে দু’-একটি বেঞ্চে বিচারকাজ হয়েছে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২২:১৯
বিএনপির ডাকা হরতালের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের দুই-একটি বেঞ্চে বিচার কাজ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে হাইকোর্টে ৫৩টি বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হয়। বিচারক ও আইনজীবীদের অনুপস্থিতির কারণে অধিকাংশ বেঞ্চে বিচার কাজ চলেনি।
এদিকে হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমিতি ভবন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রভাবিত করতে সরকার পরিকল্পনা করে শাহবাগের মঞ্চ তৈরি করেছে। সরকারের গণহত্যা শুরু হয়েছে বায়তুল মোকাররম মসজিদের মুসল্লিদের ওপর আক্রমণের মধ্য দিয়ে। এরপর সরকার একের পর এক গণহত্যা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে, যা স্বাধীনতা পরবর্তী ৪১ বছরের ইতিহাসে নজিরবিহীন। একাত্তরে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতার পর কয়দিনে এত মানুষ গুলি করে হত্যার ঘটনা কখনো দেখিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ। সমাবেশশেষে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন।
হরতালের বিপক্ষে মিছিল করেছেন সরকার সমর্থক আইনজীবীরা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাসেত মজুমদার। মিছিলটি সমিতি ভবন ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। মিছিলে ছিলেন এডভোকেট শম রেজাউল করিম, এডভোকেট রবিউল আলম বদু প্রমুখ।