কমলগঞ্জে ইউরিয়া সারের সংকট
নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২২:১৯
কমলগঞ্জ উপজেলার সর্বত্র ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকরা ডিলারদের দোকানে দোকানে ঘুরে সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। ইউরিয়া সারের সংকটে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমদানিকৃত বড় দানা ও স্থানীয়ভাবে উত্পাদিত ছোট দানার সার সরবরাহ নিয়ে বাদানুবাদে সার কারখানা ও ডিলারদের মাঝে সমস্যা সৃষ্টি হওয়ায় সার সংকটের এ অবস্থা সৃষ্টি হয়েছে।
কমলগঞ্জের কৃষক আকতার মিয়া, শরিফ আলী, তোয়াবুর রহমান, সিদ্দিকুর রহমান, মোশাহিদ আলী বলেন, চাষাবাদকৃত বোরো জমিতে সার প্রয়োগ করতে গত কয়েক দিন ধরে শমশেরনগর, পতনঊষার ইউনিয়নের ডিলারদের দোকানে দোকানে ঘুরেও সার পাওয়া যাচ্ছে না। ফেঞ্চুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ চাহিদা মত সার সরবরাহ না করায় গোদামে সার উঠাতে পারছেন না বলে কৃষকদের কাছে ডিলাররা মন্তব্য করেন। সার ডিলার শরীফ আলী, মান্নান খান, অলি খাঁন, আলাল মিয়া অভিযোগ করে বলেন, ফেঞ্চুগঞ্জ সার কারখানায় স্থানীয়ভাবে উত্পাদিত ছোট দানার ইউরিয়া সার সরবরাহ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমদানিকৃত কাফকো ও চায়না (বড় দানার) সার সরবরাহ করতে চান। তারা আরও বলেন, কৃষকদের কাছে ছোট দানার সারের প্রচুর চাহিদা রয়েছে।
ফেঞ্চুগঞ্জ সার কারখানার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমের জন্য সরকার আগে থেকেই ফেঞ্চুগঞ্জ সার কারখানায় দুই হাজার মেঃ টন কাফকো ও চায়না ইউরিয়া সারের মজুদ গড়ে তোলে। কিন্তু ফ্যাক্টরী কর্তৃপক্ষ ৩৬ কোটি টাকা মূল্যের সার খোলা আকাশের নিচে ফেলে রেখে ডিলারদের সরবরাহ না করে উেকাচের বিনিময়ে ছোট দানার ইউরিয়া সার সরবরাহ করছে। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক রসময় চক্রবর্তী ইত্তেফাককে বলেন, আসলে সার সংকট নেই। কারখানায় এখন চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণে আমাদনিকৃত বড় দানার ইউরিয়া সার মজুদ রয়েছে। সার ডিলাররা আমদানিকৃত মজুদ বড় দানার ইউরিয়া সার উত্তোলন করতে রাজি নন। উেকাচ বিষয়ে তিনি বলেন, কারখানায় নিয়ম ভেঙ্গে কোন সুযোগ গ্রহণ করে গোপনে ছোট দানার ইউরিয়া সার বিতরণ করা হচ্ছে না।