প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২২:২৭
বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে হরতাল চলতে পারে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রতিবাদের জন্য হরতালের পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএ’র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিবাদের অন্য উপায় কী হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অবশ্যই অন্য উপায় আছে। যদি রাজনীতিতে বিশ্বাস থাকে তাহলে তা বের করা সম্ভব। কিন্তু যদি হিংস্রতা হয়, যেটা জামায়াতের ধর্ম, সেটি হলে হবে না। অর্থমন্ত্রী বলেন, হরতাল বন্ধে ব্যবসায়ীরা যদি কোনো উদ্যোগ গ্রহণ করে তাদের পিছনে আমি থাকবো। তবে সব রাজনৈতিক দলগুলোকে হরতাল বন্ধে একমত হতে হবে।
বিজিএমইএ’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক অবস্থার কারণে ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে। অথচ তারাই দেশের বাজেটের সিংহভাগ যোগান দেন। বিজিএমইএ সভাপতি বলেন, আমরা রাজনীতিবিদদের কোনো পরামর্শ দিতে চাই না। তারা তাদের অবস্থান থেকে রাজনীতি করছেন। আর আমরা ব্যবসায়ীরা দেশের সেবা করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের শ্রেণী বিন্যাস করা ঋণ পরিশোধের মেয়াদ কমানোর সিদ্ধান্ত পরিবর্তনসহ আরো কয়েকটি দাবি নিয়ে গতকাল বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএ’র নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেন। এ প্রসঙ্গে বিটিএমএ সভাপতি জাহাঙ্গির আলামিন বলেন, শ্রেণী বিন্যাস করা ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। বৈঠকে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান।