জামায়াতের পক্ষ নিলে ক্ষতি বিএনপিরই

সজীব ওয়াজেদ জয় মনে করেন, বিএনপি জামায়াতে ইসলামীর পক্ষ নিলে বিএনপি নিজেই ডুববে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সামপ্রতিক তাণ্ডবের প্রেক্ষাপটে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাত্কারে তিনি এই মত প্রকাশ করেন। বিডিনিউজ জানায়, শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রতি বিএনপির অবস্থান নিয়ে জয় বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (ফলাফল) আমাদের হাতে তুলে দিয়েছেন। কারণ জনমত বিএনপির বিপক্ষে যাচ্ছে। সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ভোটের হিসাবে জামায়াত খুব বড় দল নয়, গত নির্বাচনে তারা এক শতাংশের চেয়ে কম ভোট পেয়েছিল। বাংলাদেশে জামায়াতের প্রতি ঘৃণা রয়েছে। বিএনপি তাদের পক্ষ নিলে তাতে তারা নিজেদেরই ক্ষতি করবে। জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। মুক্তিযুদ্ধের সময় তারা সম্মিলিতভাবে গণহত্যা চালায় এবং বর্তমানে পুরো দেশ তাদের বিরুদ্ধে। সামপ্রতিক সহিংসতার পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কিনা জানতে চাইলে জয় বলেন, আপনারা বাইরে থেকে যেমন দেখছেন, দেশের পরিস্থিতি তেমন অস্থিতিশীল নয়। শাহবাগের আন্দোলনকে সমর্থন করে শেখ হাসিনা ‘রাজনৈতিক ফায়দা’ নেয়ার চেষ্টা করছেন বলে বিরোধী দলের অভিযোগের জবাবে জয় বলেন, আমরা এ থেকে সুবিধা নিতে চাইছি- বিষয়টি তেমন নয়। শাহবাগের আন্দোলনকারীরা যে দাবি তুলেছেন, আমরাও তা চাই। আমাদের একই লক্ষ্য, আমরা মুক্তিযুদ্ধের দল, আমাদের দলের নেতৃত্বেই স্বাধীনতা এসেছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। তাই এ আন্দোলনে আমাদের মনোবল বেড়েছে। যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে জয় বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধের বিচার করা। স্বচ্ছতার ভিত্তিতে যুদ্ধাপরাধের বিচার শুরুর জন্য আমরা সময় নিয়েছিলাম। পুরো বিচার প্রক্রিয়াই বাংলাদেশের গণমাধ্যমে উঠে আসছে। কোনো কিছুই গোপন নেই।