খালেদার নীল নকশায় দেশে নৈরাজ্য চলছে

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিত্সার নামে সিঙ্গাপুর গিয়ে একাত্তরের মত নীল নকশা তৈরি করেছেন। সে অনুযায়ী সারাদেশে নৈরাজ্য চলছে। তাই দেশব্যাপী হরতাল-নৈরাজ্যের দায় খালেদা জিয়াকেই নিতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন। গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোসহ ১৪ দলের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল সমাবেশ করে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, খালেদা জিয়া বিদেশ থেকে ফিরে এসেই জামায়াতের নৈরাজ্যের নিন্দা না জানিয়ে নৈরাজ্যের প্রতি সমর্থন জানিয়েছেন। দেশের কোন কিছু পর্যবেক্ষণ না করেই হরতাল দিলেন। হানিফ বলেন, তিনি হরতার দিলেন আর এখন বলছেন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। একদিকে তিনি সাপ হয়ে কামড় দেন আবার ওঝা হয়ে ঝাড়েন। আমরা আশা করি খালেদা জিয়ার বোধোদয় হবে এবং ধ্বংসাত্মক অবস্থান থেকে সরে আসবেন। হানিফ বলেন, জনগণ বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে। সবকিছু স্বাভাবিকভাবে চলেছে। পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশব্যাপী হরতাল নৈরাজ্যের দায় দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে। তিনি বলেন, আমাদের কাছে খবর আছে খালেদা জিয়া চিকিত্সার নামে সিঙ্গাপুর গিয়ে কয়েকজনের সঙ্গে দেখা করে নীল নকশা তৈরি করেছেন। সে অনুযায়ী সারাদেশে নৈরাজ্য চলছে। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত একাত্তরের মত নীল নকশা তৈরি করছে। যারা সংখ্যালঘুদের উপর হামলা করেছে, বাড়ি-ঘর, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, হাজী মোহাম্মদ সেলিম, আব্দুল হক সবুজ প্রমুখ। বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোসহ ১৪ দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই মিছিল নিয়ে আসে। এ সময় গোটা এলাকা হরতালবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।