কুমারখালিতে সারাদেশ ফোরামের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নানা আয়োজনের মধ্যদিয়ে কুমারখালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল ইত্তেফাক সারাদেশ ফোরাম। একুশের প্রথম প্রহরে কুমারখালি কেন্দ্রীয় শহীদ মিনারে (জেএন মাধ্যমিক বিদ্যালয়) পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। কুমারখালি পৌর শিশু পার্কে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের সমন্বয়ে মিউজিক্যাল চেয়ার, শিশু-কিশোরদের সমন্বয়ে যেমন খুশি তেমন সাজো, চড়ুইভাতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালি পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ। সারাদেশ ফোরামের আহ্বায়ক তুষার আহমেদ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোধদয় সভাপতি অ্যাডভোকেট লালিম হক, কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেজর দলিল উদ্দিন আহমদ, সারাদেশ ফোরাম সদস্য সচিব সুনম সরোয়ার বকুল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক বিভাগে জাতীয় পতাকা অঙ্কন করে প্রথম থেকে তৃতীয় স্থান লাভ করে ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ত্বাহা, মুক্তি প্রি-ক্যাডেটের সাদিয়া রাইছা ও তাসনীম জারিফা দৃষ্টি। খ গ্রুপে শহীদ মিনার অঙ্কন প্রথম থেকে তৃতীয় স্থান লাভ করে ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অরণ্য, নতুনকুঁড়ি কিন্ডার গার্টেনের জান্নাতুল ফেরদৌস শিলা ও অভেদানন্দ প্রাথমিক বিদ্যালয়ের ইফফাত করীমা অর্পা। সারাদেশ ফোরামের সদস্যবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শহিদুল ইকবাল মিন্টু। একে একে গান পরিবেশন করেন সুমন, রকি, তুষার রেজা, তৃষাসহ অন্যরা। বাদ্যযন্ত্রে ছিলেন রাসেল, আবদুল হক, মিন্টুসহ অন্যরা। এ ছাড়া শিশু-কিশোররা কবিতা আবৃত্তি করে।