সাবাহ প্রদেশে ফিলিপিনোদের ধরতে ঘরে ঘরে তল্লাশি
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:০৭
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ প্রদেশে ফিলিপাইনের সশস্ত্র অনুপ্রবেশকারীদের হটাতে সরকারের বিমান ও স্থল হামলার একদিন পর সৈন্যরা গতকাল বুধবার সেখানকার বাড়ি-ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালিয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে তারা কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এ কারণে সেখানে বসবাসরত অনেক লোক আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। দেশটির কর্মকর্তারা নিশ্চিত করে বলেছেন, তল্লাশি অভিযানকালে তারা কোন ফিলিপিনো অনুপ্রবেশকারীদের গ্রেফতার করতে পারেননি। তবে তারপরও তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা জানিয়েছে, ঘরে ঘরে তল্লাশি অভিযান ও এর পরবর্তী কার্যক্রম চলতে থাকবে। কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এ সময় একজন ফিলিপিনো গুলিবিদ্ধ হয়েছেন। জাতীয় পুলিশ প্রধান ইসমাইল ওমর জানান,নিরাপত্তা বাহিনী তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে এর একটা সুরাহা হবে। এদিকে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমাদের কাছে এ ঘটনায় সঠিক কতজন হতাহত হয়েছে তার কোন তথ্য নেই। উল্লেখ্য, মঙ্গলবার মালয়েশিয়া ওই প্রদেশে ফিলিপিনো অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে বিমান হামলা চালায়। শুধু তাই নয়, এ সময় তারা স্থল হামলাও করে। দেশটির নিরাপত্তা বাহিনী তিন সপ্তাহ ধরে এসব অনুপ্রবেশকারীকে হটানোর চেষ্টা করছে। এ ঘটনায় ইতিমধ্যে ২৭ জন মারা গেছে।