আত্মঘাতী বিস্ফোরণকে সমর্থন করে বিতর্কে পাক ধর্মীয় নেতা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:০৭
পাকিস্তানের সরকারি কমিটির সদস্য, এক ধর্মীয় নেতা সওয়াল করলেন আত্মঘাতী বিস্ফোরণের পক্ষে। তার মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। পাকিস্তান অবশ্য সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছে, এটা তাদের সরকারি দৃষ্টিভঙ্গি নয়। ফিলিস্তিন, আফগানিস্তান ও কাশ্মীরে আত্মঘাতী বিস্ফোরণের কেন দরকার তার পক্ষে সওয়াল করে অল পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান তাহির মেহমুদ আশরাফি জানান,আমি মনে করি ফিলিস্তিন অধিকার করে রেখেছে ইসরাইল। কাশ্মীর রয়েছে ভারতের দখলে। আমেরিকা দখল করে রেখেছে আফগানিস্তানকে। আফগানিস্তানের নিউজ চ্যানেল টোলোনিউজকে দেয়া সাক্ষাত্কারে আশরাফি বলেন, সাধারণ মুসলিমদের কাছে তো পরমাণু বোমা নেই। আল্লাহর কাছে উত্সর্গ করার জন্য রয়েছে নিজেদের জীবন। সেটাই তারা করছে। -খবর বর্তমান পত্রিকার।
ঘটনাচক্রে আশরাফি কাউন্সিল অফ ইসলামিক নামে একটি সরকারি সংগঠনের সদস্য। এই কাউন্সিলের কাজ হল ধর্মীয় বিষয়ে সরকারকে পরামর্শ দেয়া। ফলে এই মন্তব্য থেকে সরকারিভাবে নিজেদের সরিয়ে রাখতে সচেষ্ট হয়েছে পাকিস্তান। তার মন্তব্যের নিন্দা করেছে আফগান উলেমা কাউন্সিল। তারা বলেছে, আত্মঘাতী হামলাকে সমর্থন করে না ইসলাম। এটা ইসলামের নীতিবিরুদ্ধ। আশরাফের মন্তব্যের নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল আন্ডার্স ফগ রাসমুসেন। আশরাফের মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়ে যাওয়া পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তর সঙ্গে সঙ্গেই বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোয়াজ্জেম খান জানিয়েছেন, ব্যক্তিবিশেষের বক্তব্য কখনই পাকিস্তানের সরকারি দৃষ্টিভঙ্গি হতে পারে না। পাকিস্তান ও তার ধর্মীয় নেতারা চিরকালই এ ধরনের কার্যকলাপের বিরোধী।