সড়ক দুর্ঘটনায়
চার জন নিহত
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:২৪
চৌমুহনী সংবাদদাতা
বুধবার চৌমুহনী- লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ উপ- জেলাধীন আমীন বাজার সংলগ্ন স্থানে চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনীর দিকে আসা অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী বেগমগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের নন্দলাল শীল(৪২), তার স্ত্রী শিল্পী রানী শীল(৩৫) মারা যায়। মৃতদের পাঁচ বছরের কন্যা অভি রানী শীল গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। বেগমগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘাতক ট্রাক আটক করলেও ড্রাইভার ও হেলপার পলাতক। থানায় মামলা।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ত্রিশালে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ত্রিশাল থানা পুলিশসূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে ত্রিশাল বালিপাড়া সড়কের বাহাদুরপুর নামক স্থানে ত্রিশালগামী একটি বালি বোঝাই ট্রাক সড়ক পারাপারের সময় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসানকে (৯) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেদী বাহাদুরপুর গ্রামের নাছিরউদ্দিনের ছেলে।
গোপালগঞ্জ প্রতিনিধি ও কাশিয়ানী সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন ড্রাইভার তারিক শরীফ (২৫) নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিক কাশিয়ানী উপজেলার শিবপুর গ্রামের পিরু শরীফের ছেলে।