আদম ব্যাপারির খপ্পরে গলাচিপার দু’টি পরিবার

গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা পটুয়াখালীর গলাচিপায় আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে দুটি পরিবার। এর মধ্যে ভূক্তভোগী হাফেজ মোঃ কামাল থানায় মামলা দায়ের করলে পুলিশ সোমবার শহরের খেয়াঘাট থেকে আদম ব্যবসায়ী মোঃ মোশারেফ ও মোঃ হারিছ মিয়াকে গ্রেপ্তার করে। অপর ভুক্তভোগী ইলিয়াস খান গত ১৩ সেপ্টেম্বর গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপরোক্ত দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা যায়, আদম ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোঃ মোশারেফ ও মোঃ হারিছ মিয়া গলাচিপার হাফেজ মোঃ কামাল ও ইলিয়াস খানের কাছ থেকে ওমান পাঠানোর কথা বলে ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়। বাঞ্ছারামপুরের সাতভিলা গ্রামের একটি মসজিদে ইমামতী করার সুবাদে মোঃ মোশারেফ ও মোঃ হারিছ মিয়ার সাথে কামালের সখ্যতা হয়। চুক্তি অনুযায়ী কামাল জমি-জমা বিক্রি করে ২লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করলেও অদ্যাবধি কামালকে ওমানে না পাঠিয়ে টালবাহানা করা হয়। অপর ভুক্তভোগী ইলিয়াসকে ভাল বেতনের চাকরি দেয়ার নাম করে তার কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। গত বছর ৯ জানুয়ারি ইলিয়াসকে ওমানে পাঠানো হয়। সেখানে আদম ব্যবসায়ী মোশারেফের দুই পুত্র ইলিয়াসকে কয়েক মাস একটি ঘরে বন্দি করে রাখে। কৌশলে সেখান থেকে রাস্তায় বের হলে ওমান পুলিশ তাকে আটক করে গত ২৯ আগস্ট দেশে পাঠায়। এভাবে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে পরিবার দুটি এখন পথে বসেছে।