নেত্রকোনার মদনে আওয়ামী লীগের কোন্দল চরমে

নেত্রকোনা প্রতিনিধি ও মদন সংবাদদাতা মদন উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের কোন্দল মেটাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও কোন্দলের গ্রুপগুলো অটল থাকায় তা সহজে মিটবে বলে নেতাকর্মীরা মনে করছেন না। মদন উপজেলা আওয়ামী সভাপতি বিকাশ বৈশ্য মারা যাবার পর গত ২ বছর থেকে কোন্দল চলছে। সভাপতির মৃত্যুতে সহ-সভাপতি নুরুল ইসলাম ছদ্দুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। এ-থেকেই মূলত কোন্দলের শুরু। কারণ,গত দু’বছরে মদন আওয়ামী লীগের সন্মেলন করে বা বর্তমান কমিটির সভা আহ্বান করে নতুন সভাপতি করার ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। একজন সদস্য জানান, বর্তমানে মদন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৬৭ জন সদস্য। এই ৬৭ জনের মধ্যে ৪৭ জন সদস্য আজিজুল হককে ভারপ্রাপ্ত সভাপতি করার জন্য বলে আসলেও জেলা কমিটি কোন পদক্ষেপ নেয়নি। জেলা সম্পাদক সন্মেলন না হওয়া পর্যন্ত বিধি মোতাবেক সহ-সভাপতিই সভাপতির দায়িত্ব পালন করার কথা বলেন। আজিজুল হকের সমর্থিত লোকজন জানান, বিধি মোতাবেক সহ-সভাপতি সভাপতির দায়িত্ব নিলেও তার বিরুদ্ধে নানা সমালোচনা হওয়ায় এখন কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলকে চলতে হবে। তবে উভয় গ্রুপের নেতা-কর্মীরা দলকে সুষ্ঠুভাবে চলার জন্য জেলা কমিটির হস্তক্ষেপ কামনা করেন। জেলা আওয়ামী লীগ সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সারা জেলায় আওয়ামী লীগের কার্যক্রমকে জোরদার এবং সাংগঠনিক তত্পরতার অংশ হিসাবেই তিনি মদন যান এবং সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। মদন আওয়ামী লীগে কোন্দল নেই। তবে মান-অভিমান থাকলেও অচিরেই তা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।