বিদ্যুত্ বিল বাংলা ভাষায় করার আবেদন

বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের বিদ্যুত্ বিল ইংরেজিতে করা হচ্ছে। অথচ কয়েক বছর আগেও বাংলা ভাষায় বিদ্যুত্ বিল ছিল। বর্তমানেও বিদ্যুত্ বিলে নির্দেশাবলি ও সংযোগ বিচ্ছিন্নকরণ নোটিশ বাংলায় আছে। পল্লী বিদ্যুত্ বিলও বাংলায় করা হয়। নাগরিক সেবাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে বাংলা ভাষা প্রচলন আইনের (২) ৩ (১) উপধারায় বলা আছে, কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। ৩ ধারায় বলা আছে- কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করলে তা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি। ২০০৯ সালে ৬ এপ্রিল জাতীয় সংসদে বাংলাকে জাতীয় সংসদের দাপ্তরিক ভাষা করার ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন হয় এবং জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে সঙ্গত কারণেই বিদ্যুত্ বিল ইংরেজি ভাষার পরিবর্তে পুনরায় বাংলায় করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. গোলাম কুদ্দুছ আইয়ুব, ডোমার, নীলফামারী