আদালত অবমাননা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিস
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:০৩
সংশোধিত আদালত অবমাননা আইনের ৬টি ধারা বাতিলের জন্য সরকারকে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আগামী ৭২ ঘন্টার মধ্যে আইনের ওইসব ধারা বাতিল না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। এডভোকেট মনজিল মোরসেদ গতকাল বুধবার রেজিষ্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিবকে এই নোটিস দেন।
নোটিসে বলা হয়, সংবিধানের ১০৮ ধারায় বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট একটি কোর্ট অব রেকর্ড হইবেন এবং ইহার অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকিবেন’। প্রতিষ্ঠিত হবার পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের ১০৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আদালত অবমাননার বিষয়ে অনেক রায় দিয়েছে। যেগুলো ‘রায় আইন’ হয়ে গেছে। এর অধিকাংশ রায় ‘ল’ জার্নালে’ প্রকাশিত হয়েছে। এ সকল রায়ে এটা স্পষ্ট হয়েছে যে, ন্যায় বিচারে বাধা সৃষ্টি, আদালতের কর্তৃত্বকে খাটো করা, সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্যমূলকভাবে হেয় করা- আদালত অবমাননার অপরাধ।