বাংলা নববর্ষ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:০৪
সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, এবার ‘বাংলা নববর্ষ-১৪২০’ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্যবারের চেয়ে আরো বেশি জোরদার করা হবে। ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করতে চিহ্নিত মৌলবাদী জামায়াত-শিবির সারাদেশে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে অরাজকতা সৃষ্টি করে চলেছে,’ বলে তিনি গতকাল বর্ষবরণের জাতীয় অনুষ্ঠানাদি সম্পর্কিত আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাঙালির সর্ববৃহত্ এই সর্বজনীন উত্সবে যেন কোনরকম অঘটন না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে এবং প্রয়োজনে আরো বেশি ফোর্স মোতায়েন করতে হবে।
শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আন্তঃ মন্ত্রণালয় সম্পর্কিত এ সভায় আরো বক্তৃতা করেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সোনারগাঁও জাদুঘরের পরিচালক রবীন্দ্র গোপ, ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।