অস্ট্রেলিয়ান গণমাধ্যমের ক্ষোভ!

ভারতের কাছে হায়দ্রাবাদ টেস্ট ইনিংস ও ১৩৫ রানে হেরেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টেও ৮ উইকেটে হেরেছিল সফরকারীরা। তাই দলের এমন নাজুক অবস্থা দেখে বেশ ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম। এমন হারকে ‘টেস্টে ক্রিকেট দলের মৃত্যু’ বলে অভিহিত করছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। কিছুটা লড়াই করে চেন্নাই টেস্ট পঞ্চম দিনে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে হায়দ্রাবাদ টেস্টে চতুর্থ দিনের লাঞ্চের আগেই হেরে বসে সফরকারীরা। আর হারের লজ্জাটাও ছিল ঝাঁজালো। ইনিংস ও ১৩৫ রানে হারের তিক্ত স্বাদ পায় অসিরা। ফলে দীর্ঘ ১৫ বছর পর ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া। দলের এমন পারফরমেন্সে বেশ চটেছে অসি সংবাদ মাধ্যম। হেরাল্ড পত্রিকা তাদের সংবাদে বলেছে, ‘এমন ব্যাটিং উইকেটে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পারফরমেন্স দেশীয় ভেজা সাও বিস্কুটের চেয়ে দুর্বল।’ এক সময় টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্য বিস্তার থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রভাবটা হারাতে বসেছে তারা। তার আরও একটি প্রমাণ মিলল হায়দ্রাবাদে। হারের ধরনটা এতই বাজে ছিল যে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটের মৃত্যুও দেখে ফেলেছে’-ঐ সংবাদ মাধ্যমটি। এছাড়াও পত্রিকাটি আরও উলে¬খ করেছে যে, ‘চেন্নাইয়ে হারের পর উইকেটকে দায়ী করেছিলো টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখন আসল সত্যটি সবাই জানতে পারলো। আর তা হল, ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো অসি ব্যাটসম্যান।’ অন্য একটি সংবাদ মাধ্যম জানায়, ‘চেন্নাইয়ে হারের পর অজুহাত দিয়েছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। তবে এবার আত্মসমর্পণের কথা অকপটেই স্বীকার করলেন তিনি।’ সংবাদ মাধ্যমটি আরও বলে, ‘১৯৯৮ সালের পর আবারো ভারতের কাছে ইনিংস হারের লজ্জা পেল অসিরা। ভারতের সিনিয়র খেলোয়াড়রা (শেবাগ-টেন্ডুলকার) পারফরমেন্স না করার পর এমন বিধ্বস্ত ক্লার্ক বাহিনী। তারা পারফর্ম করলে আরও করুণ অবস্থা হতো অসিদের।’-বাসস মোহালিতে আগামী ১৪ মার্চ তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে আবার মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। আর ঐ টেস্টটি হবে অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানোর লড়াই, আর ভারতের জন্য সিরিজ নিশ্চিত করার ম্যাচ।-বাসস