বিএনপি ও জামায়াতের
আজ হরতাল
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৪
একদিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার আবারো বিএনপি ও জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে। সরকারকে দায়ী করে গতকাল বুধবার নয়া পল্টনে দলের সমাবেশ পণ্ড হওয়ায় হরতাল আহ্বান করে বিএনপি। বিকালে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিকিংয়ে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ঘণ্টাখানেক পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিকালে সমাবেশ শুরুর কিছু সময় পর সমাবেশস্থল নয়া পল্টনের পশ্চিম দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোঁড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটতে দেখা যায়। বিএনপি নেতারা দাবি করেছে, পুলিশ গুলি চালিয়েছে এবং এতে আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, আমানউল্লাহ খান ও আব্দুস সালামসহ বেশ কয়েকজন। অন্যদিকে পুলিশ দাবি করেছে, বিএনপির এই সমাবেশ ভণ্ডুল করতে জামায়াতকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সারাদেশে জামায়াতি তাণ্ডবের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির প্রতিবাদে হরতালের পর গতকাল বিএনপি বিক্ষোভ সমাবেশ ডাকে।
এদিকে জামায়াতের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচি পালনে বুধবার সারাদেশে বাধাদান ও মিছিলে ব্যাপকভাবে গুলিবর্ষণের প্রতিবাদে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল প?ালন করবে জামায়াত।