দুর্বৃত্তদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ইবির সাবেক প্রো-ভিসি

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনে মোটর সাইকেল আরোহী দুই দুর্বৃত্ত গুলি চালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপসারিত প্রো-ভিসি ড. কামাল উদ্দিনকে হত্যার চেষ্টা চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. কামাল উদ্দিন ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের গাড়ির জন্য উক্ত স্থানে অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা অকস্মাত্ এসে পিস্তল উঁচিয়ে তাকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছুঁড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার পর পরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। প্রো-ভিসি কামাল উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের চিনতে পারেননি। তবে বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সংক্ষুব্ধ কোন মহলের যোগসূত্র কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করবেন বলে জানান। পুলিশ ও বিশ্ববিদ্যালয়সূত্র জানায়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে ভিসি ও প্রো-ভিসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ শুরু হয়। গত বছর লাগাতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠানটি চার মাস অচল হয়ে পড়ে। অবশেষে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে ভিসি ড. আলাউদ্দিন ও প্রো-ভিসি ড. কামাল উদ্দিন সরকারি আদেশে পদ থেকে অপসারিত হন। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও অন্যান্য সূত্র জানায়। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি তদন্তে পুলিশ মাঠে নেমেছে। ঘটনাটি তদন্ত করে খুব শিগগিরই দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।