সাংবাদিক ও চলচ্চিত্রকার
আহমদ জামান
চৌধুরীর ইন্তেকাল
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৬
সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরী আর নেই। গতকাল বুধবার বিকাল পৌনে তিনটায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আহমদ জামান চৌধুরী ১ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হন। অবস্থার অবনতি ঘটলে তাকে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
সাংবাদিকতার পাশাপাশি আহমদ জামান চৌধুরী অনেক চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেন। ১৯৪৭ সালে ২৮ ডিসেম্বর চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আহমদ জামান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে সাপ্তাহিক ‘চিত্রালী’র মধ্য দিয়ে আহমদ জামান চৌধুরী জড়িত হন চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে। একপর্যায়ে তিনি পত্রিকাটির সম্পাদনার দায়িত্বও পালন করেন দীর্ঘ ১০ বছর।
আহমদ জামান চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেছেন, চলচ্চিত্র শিল্পের পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে তার অসামান্য অবদান আছে। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্র সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। বাচসাস’র সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান আহমদ জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।