নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে হাইকোর্টের তদন্তের নির্দেশ
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৭
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ-সাউথ ইউনিভার্সিটি ‘সন্ত্রাসী উত্পাদনের ক্ষেত্র’ কিনা এমন অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ অভিযোগ তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আনীত এ অভিযোগ যাচাইয়ের কেন নির্দেশ দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, শিক্ষাসচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রাস্ট্রিদের ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর কি ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। প্রসঙ্গত, গত কয়েকদিন বিভিন্ন পত্রিকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন। তবে হামলাকরীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়া ওইসব প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়টি সন্ত্রাসী উত্পাদনের ক্ষেত্র। গতকাল এসব প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন। এসময় আদালতকে সহায়তা করেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট অমিত তালুকদার।