যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে চারজন নিহত

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল তুষারে ঢেকে দিয়ে প্রচণ্ড তুষার ঝড় এখন রাজধানী ওয়াশিংটনের দিকে ধেয়ে যাচ্ছে। শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়া রাস্তায় শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছে। ঝড়ের কারণে গত মঙ্গলবার দুই হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়। বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সড়ক-মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মিনেসোটা থেকে ভার্জিনিয়া পর্যন্ত ১২টির বেশি অঙ্গরাজ্য ঝড়ের কবলে পড়ে। মন্টানায় দুই ফুট তুষার জমে যায়। জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বুধবার ঝড়টি ওয়াশিংটনের ওপর দিয়ে বয়ে যাওয়ার কথা। এ কারণে কংগ্রেসের কিছু বৈঠক বাতিল করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির। মঙ্গলবার সন্ধ্যায় শিকাগোতে ভারী তুষারপাত হয় বলে ইলিনয়িসের সড়ক টহল পুলিশ জানায়। রাস্তায় গাড়ি চলাচল ব্যহত হয়। তুষার ঝড়ের কারণে মহাসড়ক-গুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে জানিয়েছেন টহল পুলিশের এক মুখপাত্র। শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ইঞ্চিরও বেশি তুষার জমে যাওয়ায় ৯শ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া অভ্যন্তরীণ বিমান পথের আরো প্রায় ৫শ ফ্লাইট বাতিল করা হয়। মিনেসোটায় বাতিল করা হয় আরো প্রায় দেড় হাজার ফ্লাইট।