স্বাধীনতা দিবসে ‘হূদয়ে ৭১’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

সম্প্রতি নির্মাণ কাজ শেষ হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হূদয়ে ৭১’। এই ছবিটির মূল নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইমন ও রুমানা। এই দু’জনার পাশাপাশি আরও দুজন নায়ক-নায়িকা রয়েছে ছবিটিতে। তাদেরকে অনেকটা নবাগতই বলা চলে, তারা হলেন সাগর ও আন্না। আসছে ২৫ মার্চ স্বাধীনতা দিবসে ছবিটি এটিএন বাংলায় ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হবে বলে পরিচালক জানান। পরিচালক সাদেক সিদ্দিকী আরও জানান, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান সময়ের শাহবাগ গণজাগরণকেও তুলে ধরা হয়েছে এই ছবিতে।’ ছবি প্রসঙ্গে সাগর বলেন, ‘আমরা তরুণ অভিনেতা, ফিল্ম ইন্ডাস্ট্রির স্ট্রাগলটা আমরা দেখছি। এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এসকল ভালো কাজের সঙ্গে নিজেদের যুক্ত রাখা এবং চলচ্চিত্র নিয়ে স্বপ্ন পূরণও বলা যায়। অন্যদিকে এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র, এর আগে ‘শিউলিমণি’ চলচ্চিত্রে কাজ করেছিলাম।’