আফগানিস্তানে হারিয়ে যাওয়া সোভিয়েত সেনার সন্ধান
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২০:৩৭
আফগানিস্তানে ৩৩ বছর আগে হারিয়ে যাওয়া এক সোভিয়েত সেনার খোঁজ মিলেছে। তিনি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে স্থানীয় আফগানদের সঙ্গে আফগান বেশে বসবাস করছেন। রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থার বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
আফগানী বনে যাওয়া ওই সাবেক সোভিয়েত সেনার নাম এখন শেখ আবদুল্লাহ। আধা যাযাবর আবদুল্লাহ এখন ভেষজ চিকিত্সক। জাতিতে উজবেক এই সেনাকে খুঁজে পেয়েছে আফগান-সোভিয়েত যুদ্ধের সাবেক সেনাদের একটি কমিটি। ১৯৮০ সালে আফগানিস্তানে সোভিয়েত অভিযান শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আবদুল্লাহ আহত হয়ে নিখোঁজ হন। স্থানীয় আফগানরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। সাবেক সেনা কমিটির প্রধান রুশলান আউশেভ জানান, শেখ আবদুল্লাহর প্রকৃত নাম বাখরেতদিন খাকিমোভ, একবছর অনুসন্ধানের পর শিন্দান জেলায় তাকে পাওয়া যায়। তিনি সোভিয়েত সেনাবাহিনীর যন্ত্রচালিত একটি রাইফেল ইউনিটে ছিলেন। এই কমিটি আফগানিস্তানে নিখোঁজ ২৬৪ জন সোভিয়েত সেনাকে খুঁজে বেড়াচ্ছে যাদের অর্ধেক জাতিগত রুশ। ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার পরবর্তী এক দশকে কমিটি নিখোঁজ সেনাদের মধ্যে ২৯ জনকে খুঁজে পায়। শেখ আবদুল্লাহ বিয়ে করেছিলেন, কিন্তু তার স্ত্রী মারা গেছেন আর তার কোনো সন্তানও নেই।