সৈয়দপুরে আবাসিক এলাকায় শিল্প

চিপস্ কারখানা গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী

নীলফামারী জেলার সৈয়দপুরে আবাসিক এলাকায় শিল্প নির্মাণ বিরোধকে ঘিরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানের অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত ২ জন। এরা হলেন- শাহাবুদ্দিন (৪৮) ও মোঃ শাওন (৩৮)। এটি ঘটেছে গত বুধবার শহরের শুটকিবন্দর এলাকায়। এ ব্যাপারে ঘটনার রাতেই থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন: ইমতিয়াজ, নেওয়াজ, শাহনেওয়াজ ও আরমান। একই ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বাদী শাহাবুদ্দিন মিয়া অভিযোগ করে জানান, ব্যবসায়ী মরহুম মোস্তাক হাজীর ছেলে ইমতিয়াজ আহমেদ শুটকিবন্দর আবাসিক এলাকায় চিপস্ ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেন। কিন্ত এলাকাবাসী এর বিরুদ্ধে অবস্থান নেয়। শিল্প নির্মাণ বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি পৌর মেয়রকে লিখিত অভিযোগ দেয়া হয়। আর আমি এলাকাবাসীর এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছি মাত্র। এতে ক্ষিপ্ত হয়ে ইমতিয়াজের নেতৃত্বে নেওয়াজ, শাহনেওয়াজ ও আরমান আলীসহ ৮/৯ জন দুর্বৃত্ত সন্ধ্যায় আকস্মিকভাবে আমার বাসার সীমানা প্রাচীর টপকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভিতরে প্রবেশ করে এবং হত্যার চেষ্টা করে। অভিযুক্ত ইমতিয়াজের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তারাই আমার নির্মাণাধীন চিপস্ ফ্যাক্টরির অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। এদিকে শিল্প প্রতিষ্ঠানের অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে শাহাবুদ্দিন মিয়া বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী এটি ঘটিয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মামলার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।