বাগমারায় দু’দল গ্রামবাসীর সংঘর্েষ আহত অর্ধশত

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা ও মোহনপুর উপজেলার দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গ্রামপুলিশসহ অর্ধশত আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বাগমারা ও মোহনপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকালে উপজেলার কাজিহাটা মাঠে তাঁতীপাড়া ও আতুবাড়ি একাদশের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলাচলাকালীন সময়ে একটি গোলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গত বুধবার রাতে উভয় পক্ষ মসজিদের মাইকে প্রচার করে সংঘর্ষের ঘোষণা দেয়। তারা নিজ নিজ এলাকার লোকজনকে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের সীমানায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের নির্দেশ দেয়। এদিকে গতকাল সকালে তাঁতীপাড়ার লোকজন ছুরি, বল্লম, হাসুয়া, রড়, লাঠি, ফলা নিয়ে কাজিহাটার লোকজনের উপর হামলা চালায়। কাজিহাটার লোকজনও তাদের প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তাদের মধ্যে ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। এদিকে সংঘর্ষের সময় পুলিশকে খবর দেওয়া হলে মোহনপুর ও বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।