ঝিনাইদহে দিনে দুপুরে ডাকাতি

গতকাল বৃহষ্পতিবার ঝিনাইদহ শহরের মজমাদার পাড়ায় কলেজ শিক্ষক তোফজ্জেল হোসেনের বাসায় দিন দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ ৮০ হাজার, স্বর্ণালংকার সহ ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শহর জুড়ে বিজিবি, র্যাব ও পুলিশের টহলের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান, বেলা পৌনে ১১ টার দিকে একজন বোরখা পড়া মহিলা কলিং বেল টিপলে তোফজ্জেল হোসেনর বাবা তক্কেল হোসেন মন্ডল দরজা খুলে দেন। মহিলার পিছু পিছু ৮ - ১০ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে তার মুখ বেঁধে ফেলে। তারা অস্ত্রের মুখে বাসার অন্যদের জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুট করে চম্পট দেয়। বাসার মালিক ঝিনাইদহ সিটি কলেজের অধ্যাপক তোফাজ্জেল হোসেন জানান, ডাকাতরা ৬টি আলমারি ও শো কেস ভেঙ্গে ৮০ হাজার নগদ টাকা, ৬০ ভরির বেশি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।