সাদুল্লাপুরে খাদ্য কর্মকর্তার জাল স্বাক্ষরে ৬ লাখ টাকা উত্তোলন
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২১:০৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক এর সাদুল্লাপুর শাখা থেকে সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুল হামিদ মন্ডল (৫৫) নামে একজনকে আটক করেছে।
ব্যাংক ও খাদ্য গুদাম সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক লি: এর সাদুল্লাপুর শাখা থেকে উপজেলার মেসার্স জোবেদা রাইচ মিলের মালিক জাকিউল হক মানিকের নামে ২৫ টন চাল সরবরাহের ৬ লক্ষ ৫০ হাজার টাকার একটি বিল উত্তোলন করে। ব্যাংক পরবর্তীতে ওই বিলটি পূণ:ভরনের (প্রদানকৃত টাকা আদায়ের জন্য) জন্য উপজেলা খাদ্য কর্মকর্তার নিকট গত ৪ মার্চ পাঠান। তখন এই জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে।
উপজেলা খাদ্য কর্মকর্তা শাহ আলম জানান, উপজেলা সদরের ডিগ্রী কলেজ রোডের মেসার্স জোবেদা রাইচ মিল এখনও খাদ্য গুদামে চাল সরবরাহ করে নাই। উপজেলার নাকবাড়ী বাজারের রাবেয়া চাল কলের মালিক আব্দুল হামিদ মন্ডল কৌশলে খাদ্য গুদাম থেকে বিল (ওজন, মান, মজুদ সনদ) ফরম চুরি করে। পরবর্তী সিল ও স্বাক্ষর জাল করে ওই মিলের নামে বিল তৈরি করে এ টাকা উত্তোলন করেন।
পুলিশ জানায়, আটক আব্দুল হামিদ মন্ডল স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন।
ব্যাংকের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, সাদুল্লাপুর খাদ্য গুদাম থেকে বিল (ওজন, মান, মজুদ সনদ) ফরম চুরি হওয়ার ঘটনাটি তার ব্যাংকে মৌখিক কিংবা লিখিতভাবে জানানো হয় নাই। এছাড়া খাদ্য গুদামের ধান-চালের বিলের বিপক্ষে কোন আগাম বিবরণী দেয়া হয় না।