নড়াইলের দু’দল গ্রামবাসীর সংঘর্ষ অর্ধশতাধিক আহত
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২১:০৬
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের পল্লীতে দু’দল গ্রামবাসির সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন খড়রিয়া মধ্যপাড়া পোল বাজারের ৫টি দোকান ভাঙচুর করেছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের জারজিছ মোল্লা ও খাঁজা মিনা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত মঙ্গলবার বিকালে জারজিছ গ্রুপের কোটন মোল্লা খাঁজা মিনা গ্রুপের বশির মিনার দোকান থেকে পিঁয়াজু কিনতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে বুধবার সকালে প্রতিপক্ষ দুই গ্রুপ ধারলো অস্ত্র, লাঠি, ঢাল-শড়কি, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন ৫টি দোকান ভাঙচুর করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, বর্তমানে খড়রিয়া গ্রামের আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কাউকে আটক করা যায়নি এবং কোনো মামলা দায়ের হয়নি।