তামিম খেলছেন!
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২১:৩৫
বাংলাদেশের হয়ে আজ গলে কে কে ইনিংস শুরু করতে নামবেন; এটা অনুমান করা আসলেই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একদিকে দুই ওপেনার জহুরুল ইসলাম ও এনামুল হক বিজয় রান পাননি অনুশীলন ম্যাচে। ফলে এদের ভেতর কাকে নামানো হবে, তা নিয়ে দোটনায় আছে ম্যানেজমেন্ট। আবার তামিম ইকবাল যেহেতু গতকাল পর্যন্তও পুরোপুরি ফিট বলে প্রমাণিত হননি; ফলে ‘রানহীন’ জহুরুল ও এনামুলকেই জুটি বাঁধতে হতে পারে!
অবশ্য গতকাল সন্ধ্যায় শ্রীলঙ্কায় থাকা টিম ম্যানেজমেন্টের এক সূত্র ফোনে যা বললেন, তাতে একটু ঝুঁকি নিয়ে হলেও আজ তামিম ইকবালকে মাঠে নামিয়ে দিতে চায় ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে তার সঙ্গী হওয়ার জোর দাবিদার হবেন এনামুল। এনামুলকে নিয়ে সংশয় নেই। সংশয় যতো তামিমকে নিয়ে।
তামিম ইকবাল হাতের এই ইনজুরিতে ভুগছেন অনেকদিন ধরে; সেই বিপিএলের সময় থেকে। এখানে এসে অনুশীলন ম্যাচেও বিশ্রামে রাখা হয়েছিল তাকে। গত পরশু পর্যন্ত পুরো ফিট না হওয়ায় শ্রীলঙ্কাতেই থাকা বাংলাদেশি ক্রিকেটারদের প্রায় সবার অস্ট্রেলিয়ান চিকিত্সক ডেভিড ইয়ং গতকাল তাকে পরীক্ষাও করেছেন। কিন্তু পরিষ্কার কিছু জানা যায়নি গতকাল পর্যন্তও।
শ্রীলঙ্কা থেকে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলছিলেন, ‘এখনও কিছু নিশ্চিত নয়। ওকে তৈরি থাকতে বলা হয়েছে। আগামীকাল (আজ) সকালে আরেকবার পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে।’ তবে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম বেশ আশার কথাই শোনালেন, ‘বিপিএল থেকেই তো তার ইনজুরি। অনেকটাই কাটিয়ে উঠেছে। এখনও শতভাগ ফিট নয়। আশা করছি কাল (আজ) খেলার আগেই ফিট হয়ে যাবে। আমরা আশা করছি তামিমই ওপেন করতে নামবে।’
ইনজুরি নিয়ে জেরবার অবস্থায় থাকা মুশফিকুর রহিম অবশ্য সবার ব্যাপারেই আশাবাদ শোনালেন। এমনকি ইনজুরির কারণেই সাকিবকে মিস করতে হলেও সেটাকে খুব বড় করে দেখছেন না তিনি, ‘ইনজুরির জন্য আমাদের কয়েকজন খেলোয়াড় নেই। তবে যারা এসেছে তারা সামর্থ্য দেখাতে প্রস্তুত। প্রতিভাবান খেলোয়াড় তারা। আশা করছি তরুণ খেলোয়াড়রা নৈপুণ্য দেখাবে এবং অভিজ্ঞ খেলোয়াড়রাও ধারাবাহিকতা বজায় রাখবে। হ্যাঁ’ সাকিবের অনুপস্থিতিটা প্রভাব ফেলবে। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওকে ছাড়া খেলতে হয়েছে আমাদের। ওর বদলে তরুণ খেলোয়াড়রা যুক্ত হয়েছে। তাদের সামনে বিশাল সুযোগ। নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। আশা করছি ভালো করবে তারা।’
সেই আশাতেই বুক বাঁধছে বাংলাদেশ।