দরিদ্র জেলেদের সহায়তা ও প্যারামেডিক তৈরিতে জাপানের অনুদান

দরিদ্র জেলেদের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং প্রশিক্ষিত প্যারামেডিক তৈরির লক্ষ্যে জাপান সরকার ২ লাখ ৪৬ হাজার ৮৬৭ মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ২ কোটি টাকা অনুদান সহায়তা দিচ্ছে। জাপান সরকারের গ্রান্ড এ্যাসিসট্যান্ট ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) অধীনে এ অনুদান সহায়তা প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে গতকাল ঢাকায় জাপান দূতাবাসের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এবং অনুদান গ্রহীতা দুইটি সংস্থার প্রতিনিধির মধ্যে অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। জিজিএইচএসপি’র অধীনে বরগুনা জেলার তালতলী উপজেলায় জেলে সমপ্রদায়ের জন্য শুঁটকি মাছ উত্পাদন কেন্দ্র নির্মাণ এবং সোলার প্যানেল যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ের জন্য বেসরকারি সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটিকে (বিএইচআরআরডিএস) ৯৮ লাখ ৭৪ হাজার ৬১০ টাকা এবং প্রশিক্ষিত প্যারামেডিক তৈরির লক্ষ্যে মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র নির্মাণের জন্য রিসার্চ ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট (আরটিএম) ইন্ট্যারন্যাশনাল নামে আরেকটি সংগঠনকে ৯৮ লাখ ৭৪ হাজার ৮৬৫ টাকা অনুদান সহায়তা দেয়া হচ্ছে বলে জাপান দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।