ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, যুবক খুন

রাজধানীর বিজয়নগর এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে একজন ব্যবসায়ী রহস্যজনকভাবে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহ আলম (৫৮)। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রেখেছে। নিহত শাহ আলমের গাজীপুরে একটি পলিথিন কারখানা রয়েছে। ঘটনার দিন তিনি ব্যবসার কাজে পল্টন এলাকায় গিয়েছিলেন বলে তার ভাই শাজাহান জানান। এ ব্যাপারে পল্টন থানার এসআই আবু জাফর জানান, বিজয়নগর কালভার্ট রোডে অবস্থিত ১৫ তলা ভবন প্যারামাউন্ট হাইটের দশ তলা থেকে এক ব্যক্তি পড়ে গেছেন বলে খবর পান তারা। সংবাদ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত শাহ আলমের বাবার নাম আব্দুল আউয়াল। তার গ্রামের বাড়ি সিলেট সদরের বিমানবন্দর সড়কে হলেও তিনি টঙ্গীতে বসবাস করতেন। একই দিন মিরপুরে অপু আহমদ (২২) নামে খুন হয়েছেন একজন। তাকে কুপিয়ে হত্যা করা করে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। পুলিশ বুধবার তালতলা মুক্তি হাউজিংয়ের পাশের ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, স্থানীয় লোক মারফত খবর পেয়ে সকাল সোয়া ৯টার দিকে পুলিশ তালতলা মুক্তি হাউজিংয়ের পাশের ফাঁকা জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। অপুর মা শেফালী বেগম জানান, তারা মিরপুর শেওড়াপাড়ায় ভাড়া থাকেন। অপু স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতো। বুধবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ঐ দিন দুপুরে অপুর সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে এবং স্বজনদের বাসায় খোঁজ করেন। সকালে লোক মুখে যুবকের মৃতদেহ পড়ে থাকার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে অপুর লাশ শনাক্ত করেন। অপুর পিতার নাম সৈয়দ আহমেদ। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। গ্রামের বাড়ি নোয়াখালী।