খিলগাঁওয়ে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবকের হাত উড়ে গেছে
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২২:৩০
রাজধানীর খিলগাঁও এলাকায় গত বুধবার রাতে বোমা তৈরির সময় আবু সাঈদ (৩২) নামের এক যুবক আহত হয়েছে। বোমার বিস্ফোরণে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ প্রহরায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাত দুইটার দিকে খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের এক বাড়িতে বোমা তৈরি করছিলেন আবু সাঈদ, মনির, সেলিম ও মামুন নামের চার যুবক। এ সময় আকস্মিক বোমাটি বিস্ফোরণে আবু সাঈদ গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে রিকশা চালক মিলন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ সাঈদ ও মনিরকে গ্রেপ্তার করেছে। মামুন ও সেলিম পলাতক রয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজের দায়িত্বরত চিকিত্সক জানিয়েছেন, বিস্ফোরণে সাঈদের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তার আরেক হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে।