নির্দিষ্ট সময়ে বেতন দেয়ার দাবি

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত

জেলা সদরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কে গতকাল বৃহস্পতিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। নির্দিষ্ট সময়ে বেতন দেয়ার দাবিতে এ ঘটনা ঘটে। উত্তেজিত শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাংচুর করেছে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতি মাসের ৭ তারিখে বেতন পরিশোধের দাবিতে গতকাল শিল্প পার্কের বিভিন্ন কারখানার প্রায় ৩০ হাজার শ্রমিক বিক্ষোভ করে। মালিকপক্ষের লোকজন কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় নির্বিচারে ভাংচুর চালায়। খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাথর নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার সেল ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। পরে শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করে। শ্রমিকরা জানান, কোন মাসেই সময়মত বেতন দেয়া হয় না। তাই শ্রমিকরা প্রতি মাসের ৭ তারিখে বেতন দেয়ার দাবি করে আসছিল। স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জানান, গত মাসেও বেতন দেয়ার সময় শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসের ১০ তারিখে বেতন প্রদানের ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকরা তা না মেনে প্রতিমাসের ৭ তারিখে বেতন প্রদানের দাবি করে।