রাজীব হত্যাকাণ্ডে গ্রেফতার ৫ ছাত্রের ডিএনএ টেস্টের নির্দেশ
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২২:৩১
ব্লগার রাজীব হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকার ও মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টের এই আদেশ অবহিত করার জন্য ওই বেঞ্চ সহকারী এটর্নি জেনারেল সিরাজুল ইসলামকে নির্দেশ দেয়।
গতকাল বৃহস্পতিবার অন্য একটি মামলার শুনানিকালে রাজীব হত্যা মামলার বিষয়টি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চের সামনে চলে আসে। তখন হাইকোর্ট বলে, রাজীব হত্যা মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বলেছেন, প্রয়োজনে রিমান্ডের পাঁচ আসামিরও ডিএনএ পরীক্ষা করা হবে। কিন্তু পুলিশকে এই অপেক্ষায় থাকা উচিত হবে না। এ মামলায় যেসব আলামত জব্দ করা হয়েছে, তা ডিএনএ টেস্টের জন্য অবিলম্বে পাঠাতে হবে। ডিএনএ টেস্ট করলে অপরাধীদের সহজেই সনাক্ত করা সম্ভব। এরপর হাইকোর্ট রিমান্ডে থাকা ৫ ছাত্রের ডিএনএ টেস্ট করার জন্য মৌখিক নির্দেশ দেয়।