চট্টগ্রামে সাঈদীর আইনজীবীর বাসায় পুলিশের অভিযান

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী মঞ্জুর আহমদ আনসারীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাত ১০টায় নগরীর দেওয়ান বাজার এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। এ সময় মঞ্জুর আহমদ আনসারী বাসায় ছিলেন না। মঞ্জুর আহমদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিল্ডিংয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ও দারোয়ানের ঘরে তল্লাশি চালায়। তবে সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মীর্জা সায়েম মাহমুদ এ ধরনের কোনো অভিযানের খবর জানেন না বলে ইত্তেফাককে জানান। এদিকে, মঞ্জুর আহমদ আনসারীর বাসভবনে পুলিশের অভিযান ও তাণ্ডবের ঘটনায় গভীর উত্কণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম জেলা বারের ৩৮৭ জন আইনজীবী।