এমপির গাড়িতে ককটেল নিক্ষেপ

টঙ্গীর স্টেশন রোড এলাকায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এক বিক্ষোভ সমাবেশ করেছে। এ সমাবেশে বিএনপি ও জামায়াত-শিবিরের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাহিদ আহসান রাসেল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লা খান, জেলা স্বেচ্ছাসেক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ ও সংশিষ্ট সূত্রে জানা যায়, টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গত বুধবার রাতে জাহিদ আহসান রাসেল এমপি’র গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ১টি ককটেল সাংসদের গাড়ির ১০ হাত দূরে বিস্ফোরিত হয়। অপর ককটেলটি অক্ষত অবস্থায় টঙ্গী থানা পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে। এছাড়াও সেইদিন রাতে টঙ্গী থানা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়াসহ এবং বেশকিছু মালামাল লুট করে।