ছুটির দিনে আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখতে আহ্বান এফবিসিসিআই’র
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৭
দেশব্যাপী গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালসহ গত কয়েক মাস যাবত্ লাগাতর হরতালের প্রেক্ষিতে দেশের ব্যবসায়-বাণিজ্য চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ফলে ক্রমাগতভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে বলে দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ বিপর্যয় কাটিয়ে উঠতে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সংশ্লিষ্ট সকল সেবা প্রতিষ্ঠানসমূহ খোলার রাখার জন্য সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই’র পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এতে আরো বলা হয়েছে, ধারাবাহিকভাবে বিগত কয়েক মাস যাবত্ রাজনৈতিক সহিংসতা ও ঘন ঘন হরতাল কর্মসূচী, রাজনৈতিক অস্থিরতার কারণে বিপর্যস্ত অর্থনৈতিক ও আইন-শৃংখলা পরিস্থিতির গুরুতর অবনতির কারণে দেশের ব্যবসায়ী সমাজের পক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ক্রমাগতভাবে গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করে আসছে। এ ধরনের কর্মসূচির কারণে একদিকে যেমন বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অপরদিকে রপ্তানি বাজার পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগ আসবে না এবং কর্মসংস্থান বিঘ্নিত হবে। যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ভয়াবহ চাপের মুখে পড়বে।
এ রকম পরিস্থিতিতে দেশের আমদানি-রপ্তানি ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে সকল ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সংশ্লিষ্ট সকল আর্থিক সেবা প্রতিষ্ঠানসমূহ খোলার রাখার প্রয়োজন বলে দেশের ব্যবসায়ী সমাজ দাবি জানিয়েছে ।