শনিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে

পোশাক শিল্প অধ্যুষিত এলাকার সব ব্যাংক আগামীকাল শনিবার খুলে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ওই এলাকায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া বিমানবন্দর (ঢাকা ও চট্টগ্রাম), সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং স্থলবন্দর (বেনাপোল, সোনামসজিদ, হিলি ও কমলাপুরের আইসিডি) এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি-রফতানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজড ডিলার) প্রতি শুক্র ও শনিবার ( ব্যাংকগুলোর নিজস্ব নির্ধারিত সময় পর্যন্ত) খোলা রাখার বিষয়টি সার্কুলারে উল্লেখ করা হয়েছে।