ইসলামী রাজনীতি না করতে ভয়ভীতি দেখানো হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, ইসলামী রাজনীতি না করার জন্য চাপ দেয়ার পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে। এই অবস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গেট বন্ধ করে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়া ইসলাম সমর্থন করে না। তিনি অবিলম্বে মসজিদের সকল গেট খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মহানগর কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান প্রমুখ। এদিকে আগামীকাল শনিবার বিকাল ৩টায় পুরানা পল্টন হাউজবিল্ডিং চত্বরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো হয়।