মিসরের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করেছে আদালত
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২২:৪১
মিসরে আগামী মাসের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করেছে দেশটির একটি আদালত। কায়রোর প্রশাসনিক আদালত বলেছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির তৈরি নির্বাচনী আইন সর্বোচ্চ সাংবিধানিক আদালতে পর্যালোচনা করা দরকার। খবর বিবিসির
প্রেসিডেন্ট মুরসি জানিয়েছেন, তিনি আদালতের রায়কে শ্রদ্ধা করেন। এ নিয়ে আদালতে আপিল করার কোনো সম্ভাবনা নেই। আগামী ২২ এপ্রিল থেকে চার স্তরে দুই মাসব্যাপী এই নির্বাচনের সূচি গত মাসে ঘোষণা করেন মুরসি। দেশটির বিরোধীদলের জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এনএসএফ) আগেই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিল। এনএসএফ জানায়, নির্বাচনী আইন প্রেসিডেন্টের ইসলামপন্থিদের সুবিধা দেবে। এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। মুরসি এই অভিযোগ অস্বীকার করেছেন। আদালত বলেছে, ইসলামপন্থি প্রভাবিত দেশটির উচ্চকক্ষ শুরা কাউন্সিল ফেব্রুয়ারি মাসে প্রণীত আইন পর্যালোচনা করতে সর্বোচ্চ সাংবিধানিক আদালতে না পাঠিয়ে প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে। এজন্যই নির্বাচন স্থগিত করা হয়েছে।