বরিশাল নগরীর সকল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি আজ
প্রকাশ : ০৭ মার্চ ২০১৩, ২২:৪৩
মহাজোট সরকারকে মদীনার সরকারের সাথে তুলনা করার প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা নগরীর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীর জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষতা একটি কুফুরী মতবাদ। কোন ধর্মপ্রাণ মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। সভায় আজ বাদ জুমা বরিশালের সকল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা এবং সারাদেশের সার্বিক অবস্থা উন্নতির লক্ষ্যে বিশেষ দোয়া মোনাজাত কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৌহিদী জনতার বরিশাল বিভাগীয় আহবায়ক ও কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান মাহ্বুব, জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব মাওলানা মীর্জা নুরুর রহমান বেগ, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রুহুল আমিন খান, মাওলানা শামসুল আলম, মাওলানা হাফেজ রুহুল আমিন, মাওলানা আহমেদ আলী কাসেমী, মাওলানা তৈয়ব কাসেমীসহ নগরীর বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ।