চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে চীন। প্রবৃদ্ধির গতি বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আগামী বাজেটে। দ্রব্যমূল্যের ভারসাম্য বজায় রাখার স্বার্থে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাও পার্লামেন্ট অধিবেশনে তার শেষ বক্তৃতায় এমন পরিকল্পনার কথা জানান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রধান বাজারে ব্যবসা-বাণিজ্যের গতি কমার পর অভ্যন্তরীণ বাজারের বিস্তৃতি ঘটেছে। গত কয়েক বছরে চীনের অর্থনীতির গতি বেশ বাড়লেও গত বছর এর গতি কমে যায়। গত বছর প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। ওয়েন জিয়াওবাও বলেন, গত কয়েক বছরে আমাদের প্রবৃদ্ধির গতি বাড়ছিল; কিন্তু আমাদের প্রধান বাজার আমেরিকা ও ইউরোপে মন্দার কারণে সেখানে আমাদের পণ্যের চাহিদা কমে গেছে। তবে অভ্যন্তরীণ বাজারে আমাদের পণ্যের চাহিদা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, চীন সরকারের একদিকে যেমন প্রবৃদ্ধির গতি বাড়ানের কথা ভাবতে হচ্ছে, একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখার কথাও ভাবতে হচ্ছে।