পাথরঘাটায় ফেহার খালে মিঠা পানি

বরগুনার পাথরঘাটায় সিসিডিবি লাইট হাউজ প্রকল্পের মাধ্যমে ২ শতাধিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণ জাতের সূর্যমুখি, মুকডাল ও মরিচের বীজ বিতরণ করা হয়। বিগত সময় ধরে এই ফেহার খালের সংলগ্ন জমিতে অবাধে প্রবেশ করতো লবণ পানি। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, এই খালের আশপাশের জমিতে কোনো ভালো ফসল উত্পাদন হতো না। বর্তমানে সিসিডিবি লাইট হাউজ প্রকল্পের পক্ষ থেকে এবং ওই এলাকার কৃষকদের নিয়ে আলোচনার মাধ্যমে প্রাথমিক অবস্থায় ফেহার খালের সংলগ্ন বিষখালী নদীর সাথে স্লুইজ গেট বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ধরে রাখা হয় মিঠা পানি এবং সেই পানি থেকে বর্তমান শুকনো মৌসুমে সেচের মাধ্যমে বছরের দুটি ফসল ফলানোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের কৃষক শৈলেন বালা, আবুল কালাম, সত্তার খান, আঃ হালিম, সিদ্দিক দফাদারসহ অনেক কৃষকরা বলেন, এই খালে যদি স্থায়ীভাবে মিঠা পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়, তাহলে তারা সূর্যমুখি চাষের মাধ্যমে প্রচুর পরিমাণ তেল উত্পাদন করা যাবে । কৃষকরা আরো জানান, বর্তমানে আমরা সূর্যমুখি, মুকডাল ও মরিচ চাষ করছি এবং এখানে প্রয়োজন মতো মিঠা পানি সেচ দিতে পারছি। আমরা আশা করি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে প্রচুর পরিমাণে ফসল উত্পাদন করতে সক্ষম হবো। সিসিডিবি লাইট হাউজ প্রকল্পের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, আমরা উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়ে কৃষকদের সূর্যমুখি চাষে প্রশিক্ষণ প্রদান করি এবং কৃষকদের যৌথভাবে চাষাবাদের উদ্বুদ্ধ করতে ছোট ছোট কৃষক দল গঠন করি। এছাড়াও ২শ কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছি। আশা করি চরলাঠিমারা এলাকার কৃষকের জলবায়ু সহনশীল জনগোষ্ঠীতে পরিণত হওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে।