সংকট
কাটাতে
মরিয়া
মেসি
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২০:০২
নিজেদের অবস্থান নিরাপদ করতে হলে বার্সেলোনার প্রয়োজন আরো পরিশ্রম করার প্রতি জোর দিলেন দলের অন্যতম মূল সদস্য আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শুধু তাই নয় লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটিও সুসংহত করতে হলে ভালো করার বিকল্প নেই বলেও মনে করেন টানা চারবার বর্ষসেরার খেতাব জয়ী এই ফুটবলার।
সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ কিছু খুঁত নিয়ে খুব বেশি স্বস্তিতে নেই বার্সেলোনা। রক্ষণভাগের দুর্বলতা আর আক্রমণের ধার কমে যাওয়ার খেসারতও দিতে হয়েছে তাদের। সান সিরোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে যায়। আগামী মঙ্গলবার নূ ক্যাম্পে ফিরতি লেগে বার্সেলোনা মুখোমুখি হবে মিলানের।
গত শনিবার লা লিগার খেলায় বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায়। বার্সেলোনা ২৬ খেলা শেষে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ১১ পয়েন্ট পেছনে রয়েছে। আরো দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। শনিবার বার্সেলোনার প্রতিপক্ষ নিচের সারির দল দেপোর্টিভো লা করুনা। অবস্থান শক্ত করতে হলে পা হড়কানো যাবে না বার্সেলোনাকে।
কাতালানদের রাজধানী বার্সেলোনায় প্রচারণামূলক অনুষ্ঠানে টানা চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি বলেন, ‘অবশ্যই আমাদের প্রয়োজন আরো কিছু দেয়ার চেষ্টা করা। আমরা জানি হারে কি সমস্যা হতে পারে। এমন কিছু ব্যাপার নিয়ে আমরা ড্রেসিং রুমে আলোচনা করেছি। আমরা সম্প্রতি হেরেছি এবং জানি কি পরিবর্তন আমাদের করতে হবে।’ বার্সেলোনা এছাড়াও লা লিগায় মোকাবেলার আগের সপ্তাহে কোপা ডেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়। চারদিনের মধ্যে দুইবার তারা মাদ্রিদের কাছে হেরে যায়। কোপা ডেল রে থেকে বিদায়ের পর বার্সেলোনার ট্রেবল জয়ের আশা শেষ হয়ে যায়। ২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা ইতিহাস গড়ে তিনটি শিরোপা জিতেছিল। ঐ মৌসুমে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা ডেল রে জয় করে।
পরবর্তী মৌসুমে গার্দিওলা জার্মানীর ঐহিত্যবাহী দল বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেবেন। গত মৌসুমে তিনি টিটো ভিলানোভার হাতে বার্সার দায়িত্ব দিয়ে যান। কিন্তু অসুস্থতায় ভিলানোভা দলের তত্ত্বাবধান করতে পারছেন না। তিনি ক্যান্সারের সাথে লড়ছেন। চিকিত্সার জন্য তিনি এখন নিউইয়র্কে রয়েছেন। ভিলানোভার সহকারী জর্ডি রৌরা বার্সার দায়িত্ব সামলে চলছেন। রৌরা ভিলানোভা না ফেরা পর্যন্ত রয়েছেন গুরু দায়িত্বে। মেসি বলেন, ‘এই ব্যাপারটিতে আমরা ভালোভাবে আক্রান্ত হয়েছি। আমরা মাঠে ভাল করছি না। কিন্তু আমাদের দলটি শক্তিশালী আর তাই এই ব্যাপারটিকে কেন্দ্র করে দোষ দিতে পারি না। পেছনে পড়ে যাওয়ার পর (মিলানের বিপক্ষে) আমরা কি চাইছিলাম। আমরা মনে করেছি এটা কঠিন হতে পারে কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস ছিল। যদি তারা এটা করে থাকে সেখানে আমরা এটা এখানে করতে পারি। আমরা জানি যে যদি তারা গোল করে এটা আরো কঠিন হয়ে যাবে। মিলানের ভাল খেলোয়াড় রয়েছে। কিন্তু আমাদের তো সুযোগ রয়েছে।’
ফর্মহীন বার্সার সমালোচনাও কম শুনতে হচ্ছে না। তবে, মেসি বিশ্বাস করেন সমালোচনা হবে এটাই স্বাভাবিক। আর সেই সমালোচনার চাপ সামলানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী মেসি, ‘ক্লাবটা এমনই। আপনি যখন দু’টি ম্যাচ হারবেন তখন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর যখন আপনি দু’টি ম্যাচে জিতবেন- তখন সব কিছুই স্বাভাবিক। তরুণ বয়স থেকেই এ দলের খেলোয়াড়রা ক্লাবটা সম্পর্কে জেনে আসছে এবং দলের সাইড বেঞ্চের খেলোয়াড়দের কেনার ব্যাপারে এরা খুবই উত্সাহী। দলের অধিকাংশ খেলোয়াড় এখনো তরুণ।’