লিপজিগেই শেষ করছেন বালাক

এই লিপজিগেই একদিন শৈশবে ফুটবল পায়ে নিয়ে ছোটা শুরু করেছিলেন। সেই ছুটতে ছুটতে জীবনে অনেক কিছু অর্জন করেছেন। জাতীয় দলের হয়ে বলার মতো সব স্মৃতি সংগ্রহ করতে পেরেছেন। চেলসি আর বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন ক্লাব ফুটবলের শীর্ষ ট্রফিগুলো। অবশেষে সেই লিপজিগেই বিদায় নিচ্ছেন মাইকেল বালাক। হ্যাঁ, অবশেষে সব ধরনের ফুটবলকে ‘বিদায়’ বলেই দিচ্ছেন মাইকেল বালাক। জার্মানির সাবেক অধিনায়ক, এক সময়ের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বালাক নিজেই গত বৃহস্পতিবার জানিয়েছেন, আসছে ৫ জুন লিপজিকে ‘বিশ্ব একাদশ’ বনাম ‘বালাকের বন্ধুরা’ শীর্ষক এক ম্যাচের ভেতর দিয়ে বিদায় নেবেন গ্রেট এই ফুটবলার। স্বভাবতই সেই ম্যাচে তারকারা উপস্থিত থাকবেন। এসব তারকার মধ্যে বাস্তিয়ান শোয়েনস্টেইগার, রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোসে মরিনহোকে দেখা যাবে। বর্তমানে ৩৬ বছর বয়সী বালাক গত বছরের অক্টোবরে অবসরের ঘোষনা দেন। জার্মানির জাতীয় দলের হয়ে তিনি ৯৮টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ ম্যাচটি খেলেন তিনি ২০১০ সালের ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের দল চেলসিতে খেলেছেন তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। এছাড়া বালাক বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন ও কাইসারস্যালুটার্নের হয়েও খেলেছেন। ২০০২ বিশ্বকাপ এবং ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন বালাক। বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার শোয়েনস্টেইগার ও মরিনহো ইতিমধ্যে নিশ্চিত করেছেন বালাক এন্ড ফ্রেন্ডস এবং বিশ্ব একাদশের ম্যাচে আসবেন। বালাক বলেন, ‘আমি বিদায় বলতে চাই সতীর্থ এবং সমর্থকদের কাছে সম্মানের সাথে এবং ধন্যবাদ দিতে চাই সেই মানুষদের যারা আমার উন্নতি আনতে সহায়তা করেছে। আমাকে তারা সমর্থন দিয়েছে এবং আমার ক্যারিয়ারকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এই লিপজিগেই আমি ফুটবল শুরু করেছিলাম, এখান থেকেই এবিসি শিখেছি। এখানে শেষ করতে পারাটা তাই অসাধারণ অনুভূতি।’