ইউনাইটেডকে
লুইজের সতর্কবার্তা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:১৮
ম্যানচেস্টার ইউনাইটেডকে হুঁশিয়ারি বার্তা শোনালেন চেলসির ডিফেন্ডার ডেভিড লুইজ। তিনি জানান, আগামীকাল রবিবার ওল্ড ট্রাফোর্ডে এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে ইউনাইটেডকে বিপাকে ফেলতে পারে তাদের দৃঢ় প্রতিজ্ঞ দলটি। আজ শনিবার অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্নসলের। একই দিনে অপর কোয়ার্টার ফাইনালে এভারটন মোকাবেলা করবে উইগানের।
ইউনাইটেড গত মঙ্গলবার এই ওল্ড ট্রাফোর্ডেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়। অ্যালেক্স ফার্গুসন সবাইকে বিস্ময় উপহার দিলেন। শুরু থেকে তিনি রুনিকে খেলালেন না। দ্বিতীয়ার্ধে অবশ্য রুনি মাঠে নেমেছিলেন শেষ ১৭ মিনিটের জন্য। অনেকে ধারণা করেছে ফার্গুসন হয়তো আর ভরসা রাখছেন না রুনির ওপর।
লুইজ বেশ আত্মবিশ্বাসী ওল্ড ট্রাফোর্ডের ম্যাচের ব্যাপারে। তিনি বলেন, ‘গুরুত্বের দিক দিয়ে রবিবারের ম্যাচটি অনেক বড়। পুরো বিশ্ব এই খেলাটি দেখতে চায় এবং চেলসি জয়ের জন্যই ম্যানচেস্টারে যাবে।’
এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সাতবারের এফএ কাপের চ্যাম্পিয়নদের জন্য চলতি মৌসুমটি মোটেও ভাল যাচ্ছে না। গত মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে এবং এ মৌসুমে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় দলটি। প্রিমিয়ার লিগ জয় করার সম্ভাবনা খুবই ক্ষীণ চেলসির। ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকেও ১২ পয়েন্টে এগিয়ে ফার্গুসনের দল।
রবার্তো মানচিনির দল ম্যানসিটির জন্য প্রিমিয়ার লিগ শিরোপা রক্ষা করা এবার কঠিন হবে। এফএ কাপ জয় করতে পারলে হতাশা কিছুটা কমতে পারে তাদের।
আজকের ম্যাচ : কোয়ার্টার ফাইনাল
এভারটন-উইগান
ম্যানচেস্টার সিটি-বার্নসলে
রবিবার
মিলওয়াল-ব্লাকবার্ন রোভার্স
ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি